প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ১১:৪৪ এ এম
অনলাইন সংস্করণ
মোহাম্মদ আব্দুর রাকিব: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়াপুর হাতাপাড়া দোতলা জামে মসজিদের পশ্চিম পাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক দুজন হলেন সদর উপজেলার চর ইসলামপুর এলাকার বাসিন্দা মো. নাসির (৪৬) এবং শিবগঞ্জ উপজেলার নতুন বাররশিয়া এলাকার বাসিন্দা মো. মতিন (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের হেফাজত থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, উদ্ধার হওয়া গাঁজার চালানটি কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হয়েছিল। স্থানীয় পর্যায়ে বিক্রির উদ্দেশ্যে মাদকগুলো পরিবহন করা হচ্ছিল বলে দাবি করেছে ডিএনসি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার বাদী হচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের উৎপাদন, পরিবহন, মজুত ও বিপণনের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জনগণের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর অবস্থানে থাকার কথাও জানিয়েছে সংস্থাটি।
মন্তব্য করুন