প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০২:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আশা ইসির

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ইসি আনোয়ারুল ইসলাম। ছবি : সংগৃহীত

 


পাবলিক পরীক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে আগামী বছরের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন আয়োজন না করার বিষয়টিও জানিয়েছে কমিশন। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন, উপনির্বাচনসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এ কথা জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের পাবলিক ও বার্ষিক পরীক্ষার সময় নির্বাচন আয়োজন না করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে কমিশন। নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা থাকায় ওই সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না। তাই জানুয়ারি থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু করার বিষয়ে আশা করছে ইসি।

নির্বাচনের সময়সূচি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, প্রথমে একটি সম্ভাব্য সময় বিবেচনা করা হয়েছিল। পরে দেখা যায়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হবে। এ ছাড়া বন্যার কারণে কোথাও কোথাও শিক্ষাপঞ্জি ও পরীক্ষা পিছিয়ে যাওয়ার বিষয়টিও বিবেচনায় নিতে হচ্ছে।

তিনি আরও বলেন, রমজান, ঈদ, দুর্গাপূজা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষাসহ সামগ্রিক বিষয় বিবেচনা করেই নির্বাচনের সময় নির্ধারণ করা হবে।

সরকারের কোনো চাপের কারণে নির্বাচনের সময় পরিবর্তন করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, সরকারের কোনো চাপে নির্বাচন কমিশন সময়সূচি পরিবর্তন করেনি। আইন, সংবিধান ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই কমিশন নির্বাচনের সময় নির্ধারণ করে। 

মন্তব্য করুন