প্রকাশিত: ৫৯ মিনিট আগে, ০৫:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

কেশবপুরের পদ্মবিলে অভিযান, পাটা বাঁধ অপসারণ ও ৪ হাজার মিটার চায়না জাল জব্দ

আলী হামজা , যশোর প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নের পদ্মবিলে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় জলমগ্ন হওয়ার ঝুঁকিতে থাকা প্রায় সাড়ে ৫৫০ থেকে ৬০০ বিঘা ফসলি জমির ধান রক্ষা পেয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার হোসেনের দিকনির্দেশনায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পরিচালিত অভিযানে পদ্মবিল ও মার্সিনা বিলের মধ্যবর্তী সংযোগস্থলে থাকা দুটি পাটা বাঁধ অপসারণ করা হয়। একই সঙ্গে জাল দিয়ে পানির স্বাভাবিক গতিপথ বন্ধ করে রাখার ব্যবস্থা সরিয়ে দেওয়া হয়। এতে পানির স্বাভাবিক প্রবাহ ফিরে আসে এবং বিস্তীর্ণ ফসলি জমি জলমগ্ন হওয়ার আশঙ্কা থেকে রক্ষা পায়।
অভিযান চলাকালে পদ্মবিল ও মার্সিনা বিলের প্রায় আটটি স্থান থেকে আনুমানিক ৪ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মিয়াজান আলী, ভাল্লুকঘর পুলিশ ফাঁড়ির এএসআই নারদ কুমার বিশ্বাস, ভিডিপি দলনেতা মো. আলী হোসেন, দলনেতা তালিব হোসাইন, আনসার কমান্ডার মো. ইয়াসিন আলী, দলনেতা শেখ রাজিকুল ইসলাম ও মো. আমানত আলী গাজী

মন্তব্য করুন