প্রকাশিত: ৫৮ মিনিট আগে, ১১:৩১ এ এম
অনলাইন সংস্করণ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। জোয়ারের পানির চাপে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ আরও দুর্বল হয়ে পড়ায় যেকোনো সময় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে বাঁধসংলগ্ন এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কুড়িকাহুনিয়া এলাকায় বেড়িবাঁধের একটি অংশে বেশ কিছুদিন ধরে ভাঙন দেখা দিলেও বর্তমানে তা গুরুতর আকার ধারণ করেছে। জোয়ারের পানির চাপ বাড়লে ভাঙন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। বাঁধ ভেঙে গেলে লবণাক্ত পানি লোকালয়ে ঢুকে পড়তে পারে।
পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় বাসিন্দারাই স্বেচ্ছায় বাঁধ রক্ষার কাজে নেমেছেন। বস্তা, মাটি ও স্থানীয়ভাবে সংগ্রহ করা বিভিন্ন উপকরণ দিয়ে ভাঙনকবলিত অংশে প্রতিরোধ তৈরির চেষ্টা করছেন তারা।
এলাকাবাসীর আশঙ্কা, বাঁধ ভেঙে গেলে শ্রীপুর-কুড়িকাহুনিয়াসহ আশপাশের কয়েকটি গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও মৎস্যঘের পানিতে তলিয়ে যেতে পারে। পাশাপাশি লবণাক্ত পানি প্রবেশ করলে সুপেয় পানির সংকটও দেখা দিতে পারে।
স্থানীয়দের দাবি, ভাঙনস্থলে দ্রুত পানি উন্নয়ন বোর্ডের জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আপৎকালীনভাবে বাঁধ রক্ষার পাশাপাশি ভবিষ্যতে স্থায়ীভাবে বাঁধ সংস্কার ও শক্তিশালী করারও দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, “আমি বিষয়টি শুনে ওই স্থান পরিদর্শনের জন্য ইতিমধ্যে রওনা হয়েছি। দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে।”
বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত বাঁধ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্য করুন