প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৮:০৫ এ এম

অনলাইন সংস্করণ

হবিগঞ্জে জুলাই যোদ্ধাদের এমআইএস অন্তর্ভুক্তি ও গেজেট প্রকাশের দাবি

 


২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের এমআইএসে অন্তর্ভুক্তি, যাচাই-বাছাই ও গেজেট প্রকাশ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে তারুণ্যের জুলাই ফাউন্ডেশন।

রোববার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলা মাঠে অবস্থান কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় সংগঠনটি।

স্মারকলিপিতে বলা হয়, জুলাই যোদ্ধাদের এমআইএস অন্তর্ভুক্তি, যাচাই-বাছাই ও গেজেটভুক্তির কার্যক্রম চলমান থাকলেও অনেক আবেদন দীর্ঘদিন ধরে অসম্পন্ন ও প্রক্রিয়াধীন রয়েছে, যার ফলে সংশ্লিষ্টরা সরকারি স্বীকৃতি ও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

প্রায় দুই বছর ধরে অসম্পন্ন থাকা এমআইএস অন্তর্ভুক্তির কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয় স্মারকলিপিতে। একই সঙ্গে এমআইএসভুক্ত ও যাচাই-বাছাই সম্পন্ন ব্যক্তিদের গেজেট প্রকাশ, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে আটকে থাকা আবেদন ও ফাইলের বর্তমান অবস্থা চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তি এবং কোনো আবেদন অসম্পূর্ণ থাকলে আবেদনকারীকে ঘাটতি কাগজপত্র ও পরবর্তী করণীয় লিখিতভাবে জানানোর দাবি জানানো হয়। এ ছাড়া প্রকৃত জুলাই যোদ্ধাদের স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি যাচাই-বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।

তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সাগর উদ্দিন স্বাক্ষরিত স্মারকলিপিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষমাণ আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা আব্দুল হালীম, অ্যাডভোকেট রাসেল মিয়া, সালমান, হাফিজ, আব্দুল গাফ্ফার এবং সাংবাদিকদের মধ্যে দৈনিক খবরের কণ্ঠের বার্তা সম্পাদক মীর দুলাল, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সাহিবুর রহমান বেলাল, সচেতন বাংলাদেশের জেলা প্রতিনিধি আজিজুল ইসলাম, দৈনিক পরিক্রমার জেলা প্রতিনিধি উজ্জ্বল বণিক প্রমুখ।

মন্তব্য করুন