প্রকাশিত: ৪৬ মিনিট আগে, ১১:৪৭ এ এম
অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার॥ শিক্ষকসংকটে নাজুক হয়ে পড়েছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম। উপজেলার ১৮২টি বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষকের ১৬২টি পদ শূন্য রয়েছে, যার মধ্যে প্রধান শিক্ষকের ৫৫টি এবং সহকারী শিক্ষকের ১০৭টি পদ। এর ফলে অনেক বিদ্যালয়ে একজন শিক্ষককে একাধিক শ্রেণির পাঠদান সামলাতে হচ্ছে, কোথাও আবার শিক্ষকসংকটের কারণে দুই শিফটে ক্লাস নিতে হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ১৮২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুমোদিত ১৮২টি পদের বিপরীতে কর্মরত আছেন ১২৭ জন—এর মধ্যে ৯৯ জন পূর্ণ দায়িত্বে ও ২৮ জন চলতি দায়িত্বে। সহকারী শিক্ষকের ৮৪১টি পদের বিপরীতে কর্মরত আছেন ৭৩৪ জন। সব মিলিয়ে ১ হাজার ২৩টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ৮৬১ জন।
শিক্ষকসংকটের সবচেয়ে প্রকট চিত্র দেখা গেছে গজনাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে আটটি পদের বিপরীতে শিক্ষক আছেন মাত্র দুজন। বিদ্যালয়টির ১৩২ শিক্ষার্থী ও সাতটি শ্রেণির পাঠদান তাঁদেরই সামলাতে হচ্ছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক ডলি রানী দেব বলেন, মাত্র দুজন শিক্ষক দিয়ে সব শ্রেণির পাঠদান পরিচালনা করতে গিয়ে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।
বৈঠাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নয়টি পদের বিপরীতে শিক্ষক আছেন চারজন, ২৫০ শিক্ষার্থীর পাঠদান চলছে দুই শিফটে। রাধাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটটি পদের বিপরীতে চারজন শিক্ষক দিয়ে ৩০৯ শিক্ষার্থীর পাঠদানও চলছে দুই শিফটে। এ ছাড়া গাবদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩৯ শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন মাত্র তিনজন।
এ ছাড়া দীঘলবাক এসএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারটি, নতুন কসবা এসআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারটি, ভরারী ও বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারটি করে এবং দিঘীরপাড় বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি শিক্ষক পদ শূন্য রয়েছে।
অভিভাবক ও সচেতন মহলের আশঙ্কা, দীর্ঘদিন এই সংকট চলতে থাকলে প্রাথমিক শিক্ষার মান ব্যাহত হতে পারে। বিশেষ করে গ্রামীণ বিদ্যালয়গুলোতে দ্রুত শূন্য পদ পূরণ ও প্রয়োজন অনুযায়ী শিক্ষক পদায়নের দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র সরকার বলেন, শিক্ষকসংকটের বিষয়টি কর্তৃপক্ষের নজরে রয়েছে এবং শূন্য পদের তথ্য নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। নতুন নিয়োগ সম্পন্ন হলে সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্তব্য করুন