প্রকাশিত: ১ জুলাই, ২০২৬, ১০:৪২ এ এম

অনলাইন সংস্করণ

জামালপুরে সিসিটিভি অচল করে বিচারক দম্পতির বাসায় চুরি

ছবি সংগ্রীহিত

 

জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় এক বিচারক দম্পতির ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

ভুক্তভোগীরা হলেন মেলান্দহ সিভিল জজ আদালতের বিচারক আহমাদুল কবির সাকিল এবং দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক নুসরাত জেরিন জেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্ত্রীকে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে বাসা থেকে বের হন বিচারক আহমাদুল কবির সাকিল। এ সময় বাসাটি ফাঁকা ছিল। সেই সুযোগে চোরেরা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে একটি হীরার আংটি, প্রায় আট ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং আরও কিছু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।

বিচারক আহমাদুল কবির সাকিল জানান, রাত ৮টার দিকে বাসায় ফিরে দরজার তালা খুলতে না পেরে প্রথমে ধারণা করেন তালায় সমস্যা হয়েছে। পরে একজন মিস্ত্রি ডাকা হলেও তালা অক্ষত অবস্থায় থাকায় সন্দেহ সৃষ্টি হয়। রাত ৯টার পর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, জানালার গ্রিল কাটা এবং ঘরের আসবাবপত্র ও মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে।

বাড়ির মালিক আনোয়ার হোসেন বলেন, তিনতলা ভবনটিতে মোট পাঁচটি ইউনিট রয়েছে। এর আগে সেখানে এমন কোনো চুরির ঘটনা ঘটেনি। ভবনে সিসিটিভি ক্যামেরা থাকলেও তা দীর্ঘদিন ধরে বিকল। তাই এটি পূর্বপরিকল্পিত চুরি হতে পারে বলে তিনি ধারণা করছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন