প্রকাশিত: ৪ মে, ২০২৬, ০২:২৯ পিএম

অনলাইন সংস্করণ

লিমনের মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি, সন্ধ্যায় দাফন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছানোর খবরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে সকাল থেকেই তার পৈতৃক বাড়িতে ভিড় করছেন স্বজন, বন্ধু ও এলাকাবাসী।

পরিবারের সদস্যরা জানান, সোমবার (৪ মে) সকাল ৮টার দিকে লিমনের মরদেহ দেশে পৌঁছায়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেওয়া হয়। সব কিছু ঠিক থাকলে দুপুর ২টা থেকে ৩টার মধ্যে মরদেহ বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে লিমনকে শেষবারের মতো দেখতে ইতোমধ্যে গ্রামের বাড়িতে মানুষের ঢল নেমেছে। পুরো এলাকায় বিরাজ করছে শোকের আবহ। পরিবারের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে।

নিহতের জ্যেষ্ঠ চাচা মাহবুবুর রহমান বলেন, “লিমন ছিল আমাদের পরিবারের প্রদীপ। উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছিলাম, কিন্তু সে লাশ হয়ে ফিরবে—এটা কখনো ভাবিনি।”

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বাদ মাগরিব স্থানীয় একটি স্কুল মাঠে লিমনের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে নিজ বাসা থেকে নিখোঁজ হন জামিল আহমেদ লিমন। পরবর্তীতে ২৪ এপ্রিল তার মরদেহ উদ্ধার করা হয়।

মন্তব্য করুন