প্রকাশিত: ১ জুলাই, ২০২৬, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ
সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার শিক্ষার্থী, মানবপাচার চক্রের সংশ্লিষ্টতার সন্দেহ
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের নিখোঁজ চার শিক্ষার্থীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার তাদের উদ্ধার করা হলে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে খুশি (দশম শ্রেণি), বাঙ্কু দেবনাথের মেয়ে মল্লিকা (দশম শ্রেণি), রমেশ দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (দশম শ্রেণি) এবং আকালু দেবনাথের মেয়ে সুজুতি রানী দেবনাথ (অষ্টম শ্রেণি)। তারা সবাই সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে চার শিক্ষার্থী একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস জানান, সিলেটের একটি বাস কাউন্টারে গোয়াইনঘাটগামী বাসের অপেক্ষায় থাকা অবস্থায় চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মঙ্গলবার রাত থেকেই পুলিশ তাদের সন্ধানে অভিযান শুরু করে। তদন্তে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর তারা প্রথমে ঢাকায় যায়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, তারা একটি মানবপাচার চক্রের প্রলোভনের শিকার হয়ে ভারতে পাচারের ঝুঁকিতে পড়েছিল। তবে এ বিষয়ে তদন্ত এখনও চলমান এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া চার শিক্ষার্থীকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে
মন্তব্য করুন