প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ
মিজানুর রহমান: বগুড়া প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় সচেতনতামূলক সাইকেল র্যালির আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির বগুড়া শহর শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী ‘Youth Against Drugs’ ক্যাম্পেইনের অংশ হিসেবে শুক্রবার (২৬ জুন) এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের তিনমাথা, বনানী ও সাতমাথা এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বগুড়া শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকার। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে হাবিবুল্লাহ খন্দকার বলেন, মাদকের বিস্তার রোধে সরকারের আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে মাদক সংশ্লিষ্ট ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।
তিনি আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
মন্তব্য করুন