প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ
ফুলবাড়ীতে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর পানিতে ভেসে উঠল দুই শিশু কন্যার মরদেহ, এলাকাজুড়ে শোক
শাহজালাল, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রাবাইতারী ইউনিয়নের কুচনিপাড়া এলাকায় পানিতে ডুবে দুই মেয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একসঙ্গে দুই শিশুর এমন করুণ মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল প্রায় ৩টার দিকে দুই শিশু নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও এলাকাবাসী দীর্ঘ সময় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর রাত প্রায় ৮টার দিকে স্থানীয় একটি জলাশয় থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।
নিহতদের মধ্যে একজন খড়িবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ময়তাল্লির নাতনি এবং অপরজন নবু হোসেনের মেয়ে। তারা দুজনই রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ঘটনার পর স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী শোকাহত পরিবারের পাশে দাঁড়ান। দুই কোমলমতি শিক্ষার্থীর অকাল মৃত্যুতে কুচনিপাড়াসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন