প্রকাশিত: ২২ মে, ২০২৬, ১০:১৭ পিএম

অনলাইন সংস্করণ

স্যান্ডেল ব্যবসায়ী উচ্ছেদ হলে চেয়ারম্যান কেন নয়

ছবি: সংগ্রীহিত

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম (স্বপ্না)।

অভিযানকালে জানা যায়, কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহিদ সোহরাওয়ার্দী (গ্রেনেড বাবু) দীর্ঘদিন ধরে একটি সরকারি পুকুরসহ বিস্তীর্ণ এলাকা অবৈধভাবে দখল করে রেখেছেন। সেখানে একটি ভিআইপি হোটেল নির্মাণসহ কবুতর পালন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উক্ত স্থানে পৌঁছে ইউএনও উচ্ছেদ কার্যক্রমের বিষয়ে সংসদ সদস্যদের মতামত জানতে চাইলে সংসদ সদস্য আব্দুল মুনতাকিম বলেন, এক মাসের মধ্যে নোটিশ প্রদান করে জায়গাটি উচ্ছেদ করতে হবে।

এ সময় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, আমরা যদি বারান্দায় ছোট স্যান্ডেল ব্যবসায়ীকে উচ্ছেদ করতে পারি, তাহলে বড়লোক চেয়ারম্যানকে নয় কেন? তার এ বক্তব্য উপস্থিতদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

অভিযানের সময় বাজারের বিভিন্ন স্থানে অবৈধভাবে দখলকৃত সরকারি জমি দ্রুত ছেড়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানে প্রভাবশালী দখলদারদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়ার বার্তা স্পষ্ট হয়েছে বলে স্থানীয়দের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

মন্তব্য করুন